সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

কল্পনা করো এক অদ্ভুত দৃশ্য—পেছনের দেয়ালে আঁকা এক শান্ত, সুন্দর পৃথিবী, যেখানে উজ্জ্বল সোনালি আকাশে পাখিরা আর রঙিন প্রজাপতিরা মনের সুখে উড়ছে আর নিচে ফুটে আছে রঙিন ফুল। কিন্তু ঠিক তার সামনেই বাস্তবের রাস্তায় পুরো উল্টো ছবি! তীব্র গতিতে ছুটে চলেছে একদল তরুণ-তরুণী। দেয়ালের পাখিদের মতোই তারা পুরোপুরি স্বাধীন হতে চায়, কিন্তু সেই অধিকারের জন্য আজ তাদের রাস্তায় নেমে দৌড়াতে হচ্ছে।

সবার সামনে চশমা আর কালো টি-শার্ট পরে বাতাসের বেগে দৌড়াচ্ছেন তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা। গত ১১ই অক্টোবর, ২০২৬ (রবিবার) , নির্বাচনে কারচুপির প্রতিবাদে তিনি এবং তাঁর বন্ধুরা যখন দিল্লির রাস্তায় জড়ো হয়েছিলেন, তখনই তাঁদের ধরতে তেড়ে আসে পুলিশ। পুলিশের হাত থেকে বাঁচতে আর নিজেদের আন্দোলন সফল করতে নেহা এবং তার বন্ধুরা মরণপণ দৌড় লাগিয়েছেন। আর তাদের সেই প্রতিবাদের মুহূর্তটি ক্যামেরায় ধরে রাখতে পেছনে ক্যামেরা হাতে ছুটছেন এক সাংবাদিক। পেছনের দেয়ালের ছবিটি যেখানে এক নকল, শান্ত, রূপকথার মত পৃথিবীর গল্প বলে, সামনের এই তরুণদের দৌড় মনে করিয়ে দেয় যে আসল স্বাধীনতা আর অধিকার এমনি এমনি আসে না, তার জন্য লড়াই করতে হয়।

আবার এই ছবিকে আমরা এভাবেও দেখতে পারি যে পেছনের দেওয়ালে আঁকা উড়ন্ত পাখি আর প্রজাপতিরা, আর রঙিন ফুলেরা এক সুন্দর দিনের স্বপ্ন দেখাচ্ছে, যে স্বপ্নের দিকে দৌড়ে চলেছেন অসমসাহসী মেয়ে নেহা আর তাঁর বন্ধুরা।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা